২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে গাজীপুরে কারখানা বন্ধ

মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি মেনে নেয়ার দাবিতে অব্যাহত শ্রমিক আন্দোলনে গাজীপুরে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও তিনটিতে এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া নতুনবাজার এলাকার এস এম নিটওয়্যার কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস টাঙিয়ে দেয়া হয়। এরপর শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

এছাড়া সদর উপজেলার কাশিমপুর এলাকার ডিবিএল, মিতালী ও জেএমএস পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানায়, বেতন বাড়ানোর দাবিতে সোমবার সকালে এসএম নিটওয়্যার কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে। বেলা ১১টার দিকে কারখানা কর্তৃপক্ষ ওইদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।

মঙ্গলবার সকাল ৮টায় কাজে যোগ দিতে এসে তারা কারখানার মূল গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পান। সকাল ১০টার দিকে তারা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করে।

এ সময় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার মূল গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করে। পরে কারখানা কর্তৃপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

পরে বিক্ষুদ্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেলে লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, একই দাবিতে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর এলাকার ডিবিএল, মিতালী ও জেএমএস পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ-ভাংচুর শুরু করলে মঙ্গলবারের জন্য ওই কারখানা তিনটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে তারা পাশের কাশিমপুর কোনাবাড়ি সড়ক অবরোধ করলে তাদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করা হয়।