রাতে সাভারে দুই বাসে আগুন
বিরোধী দলের টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন ঢাকার সাভার ও আশুলিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পদ্মা প্রিন্টার্সের সামনে এবং আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে পলাশবাড়ি এলাকায় বাস দুটিতে আগুন ধরানো হয় বলে পুলিশ জানিয়েছে।
এরআগে সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছিল হরতাল সমর্থকরা। তাতে ১০ যাত্রী আহত হয়েছিলেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে পদ্মা প্রিন্টার্সের সামনে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেয় যাত্রীবেশী পিকেটাররা।
খবর পেয়ে সাভার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসটির ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে রাত সোয়া ৯টার দিকে পলাশবাড়ি এলাকার হাবিব সিএনজি স্টেশনের সামনে মা-বাবার দোয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশী দুই যুবক আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমর্থকরাই বাসটিতে আগুন দিয়েছে।
