২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আ. লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ২

সিলেটের কোম্পানীগঞ্জে এলাকায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 08:39 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া এবং দলটির স্থানীয় নেতা  আব্দুল আলীর সমর্থকদের সংঘর্ষে সোমবার সন্ধ্যায় তারা নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- আব্দুল আলীর পক্ষের হরমুজ আলী (৬০) এবং আফতাব আলীর সমর্থক রুহুল আমিন (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দুই জন।”

স্থানীয়রা জানায়, আফতাব আলী ও আব্দুল আলী পরস্পরের আত্মীয়। এক সময় তাদের মধ্যে সখ্য থাকলেও ভোলাগঞ্জ পাথর কোয়ারি নিয়ন্ত্রণ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

জাতীয় নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রস্তুতি শুরু এবং বিরোধী দলের আন্দোলনের মধ্যে এই সংঘর্ষ হল।  

নিহতদের মধ্যে একজন ধারালো অস্ত্রের আঘাতে এবং অন্যজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সালেহ উদ্দিন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খানসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।