২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবাই করা অতিথি পাখিসহ গ্রেপ্তার

খুলনায় জবাই করা অতিথি পাখিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 08:27 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার বেলা ১১টার দিকে নগরীর দোলখোলা রোডে পাখিগুলো বিক্রি করার সময় আলী আহমেদকে (৩৯) গ্রেপ্তার করা হয়।

আলী আহমেদ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের বাসিন্দা।

তার কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২৭টি অতিথি পাখি উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে ১৩টি কালকুচ ও ডংকুর পাখি ছিল জবাই করা।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মো. লুৎফর পারভেজ জানান, রূপসা ও ফকিরহাট উপজেলার নন্দিনী বিল থেকে অতিথি পাখিগুলো ধরে এনে নগরীতে বিক্রি করার সময় আলী আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পাখিগুলো ওই বিল থেকে জাল ও ফাঁদ পেতে ধরে জবাই করে মাংস ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে আলী জানিয়েছেন।

এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা হয়েছে। এছাড়া জবাই করা পাখির মাংস ধ্বংস ও জীবিত পাখিগুলোকে অবমুক্ত করা হয়েছে বলে লুৎফর জানান।