গার্মেন্টকর্মীকে পুড়িয়ে হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড
বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এক গার্মেন্টকর্মকে পুড়িয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে শরীয়তপুরের একটি আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাজেদুল করীম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত সালাম সরদার সদর উপজেলার বাহের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর্জা হযরত আলী জানান, ১৯৯৯ সালে সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ইব্রাহিম হাওলাদার মেয়ে গার্মেন্টকর্মী খায়রুন্নেছাকে বিয়ের প্রস্তাব দেয় সালাম। খায়রুন্নেছার বাবা-মা এ বিয়েতে রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে একই বছরের ৮ মে সালাম তার সহযোগী মোয়াজ্জেম বিবিকে দিয়ে খায়রুনকে পাশের আখক্ষেতে ডেকে নেয়। পরে খায়রুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খায়রুনের মৃত্যু হয়।
এ ঘটনায় তার বাবা ইব্রাহিম হাওলাদার বাদী হয়ে সালাম সরদার, মোয়াজ্জেম বিবি, হেলনা আকতার ও শিল্পী বেগমকে আসামি করে পালং থানায় একটি মামলা দায়ের করেন।
