২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের আহ্বান ভারতের

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের পর এবার ভারতের পক্ষ থেকে চলমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার বসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের মুখপাত্র সুজিত ঘোষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত।”

আগামী ২৪ জানুয়ারি নাগাদ দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মতভেদে হরতাল ও সহিংসতায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে দেশবাসী।

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের পথে এগোচ্ছে ক্ষমতাসীনরা।

ভারতীয় হাই কমিশনের মুখপাত্র বলেন, বাংলাদেশের মতো বহুদলীয় গণতন্ত্রের দেশে ‘সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে মতভেদ নিরসনই উত্তম।”

“এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ার পাশাপাশি তা বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও স্থিতি অর্জনের লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে।”

এদিকে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংকট সমাধানে সংলাপের বসার আহ্বান জানিয়েছে কানাডার হাই কমিশন।

এক বিবৃতিতে হাই কমিশনার হিদার ক্রুডেন বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সংলাপ জরুরি।”

তবে হরতাল ও রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার কোনোটাই সংলাপের জন্য সহায়ক নয় বলে অভিমত দেয়া হয় তাদের বিবৃতিতে।