নারায়ণগঞ্জে হরতালে মিছিল, অবরোধের চেষ্টা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনের নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁওয়ে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির সমর্থকরা আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি হাতবোমাও ফাটায়।
তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আখতারুজ্জামান জানান, মহাসড়কের যে স্থানে এ ঘটনা ঘটেছে, সেটি নরসিংদীতে পড়েছে। পুলিশ গিয়ে কাউকে পায়নি। তবে সড়ক থেকে পোড়া টায়ার সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে কাছাকাছি সময়ে সোনারগাঁয়ের বস্তুল এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক দলের সমর্থকরা। কয়েকটি হাতবোমাও ফাটানো হয় এ সময়।
এছাড়া সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক মান্নানের নেতৃত্বে হরতালকারীরা ভুলতা-মদনপুর-জয়দেবপুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং ভাংচুর ও বোমাবাজি করে।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, “হরতালে বড় কোনো গোলযোগ ঘটেনি। বিচ্ছিন্নভাবে কিছু মিছিল হলেও পুলিশ সর্তক আছে।”
সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুপগঞ্জের ভুলতা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, শিবিরকর্মীরা সড়কে টায়ারে অগ্নিসংযোগ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় দুই শিবিরকর্মীকে আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান জানান, নাশকতার অভিযোগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে আটক করা হয়েছে।
