২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদত্যাগপত্র দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা’

নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকার’ গঠনের জন্য মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আযাদ।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 10:59 AM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

পদত্যাগপত্র দিয়েই রেখেছি: মুহিত
শনিবার পদত্যাগপত্র জমা দিচ্ছেন সুরঞ্জিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন।

অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামসহ কয়েকজন আগেই প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে গত সপ্তাহে জানিয়েছিলেন, যারা সর্বদলীয় সরকারে থাকবেন, তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না। তাদের আর নতুন করে শপথ নেয়ারও দরকার হবে না।

আর যারা সর্বদলীয় সরকারে থাকবেন না, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে সে সময় জানিয়েছিলেন কাদের।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ও তাদের শরিকদের আপত্তির মধ্যেই সর্বদলীয় সরকার গঠনের এই প্রক্রিয়া শুরু করল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার।   

গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকলীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের এই প্রস্তাব দেন এবং বিরোধী দলকে তাতে যোগ দেয়ার আহ্বান জানান।

তবে এর দুই দিন পর প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখান করে সাবেক উপদেষ্টাদের নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

ওই প্রস্তাব নিয়ে আলোচনার দাবিতে দুই দফায় ছয় দিন হরতাল করার পর রোববার থেকে আরো চারদিনের হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে প্রধানমন্ত্রী টেলিফোন করে বিরোধী দলীয় নেতাকে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়ে গণভবনে আমন্ত্রণ জানালেও খালেদা জিয়া তাতে সাড়া দেননি।       

প্রধানমন্ত্রী বরাবরই বলে আসছেন, অনির্বাচিত কোনো সরকারের অধীনে নির্বাচন তিনি সমর্থন করবেন না। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্য থেকেই সর্বদলীয় মন্ত্রিসভা হবে, যার অধীনে হবে দশম সংসদ নির্বাচন।

সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে এই নির্বাচন হতে হবে।