২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার পদত্যাগপত্র জমা দিচ্ছেন সুরঞ্জিত

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য শনিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 01:01 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

ওই সরকারে বিএনপির অংশ নেয়ার আশা প্রকাশ করে তিনি বলেছেন, এই সরকারের আকার কী হবে তা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ওপরই নির্ভর করছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার এক আলোচনা সভায় নির্বাচনকালীন সরকার এবং তার পদত্যাগের বিষয়ে কথা বলেন চার বছর পর রেলমন্ত্রী হিসেবে শপথ নেয়া এবং তার কয়েক মাসের মধ্যে সেই দায়িত্ব হারানো সুরঞ্জিত।

তিনি বলেন, “বর্তমান মন্ত্রিসসভার প্রত্যেক সদস্যকে পদত্যাগপত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আমি আগামীকাল পদত্যাগপত্র জমা দেব।”

মন্ত্রিসভার অন্য সদস্যরাও আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফরের আগেই পদত্যাগপত্র দেবেন বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।

নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনের মধ্যেই নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের পথে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর দেয়া সর্বদলীয় সরকারের এই  প্রস্তাব ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিরোধী নেতারা বলেছেন, সর্বদলীয় সরকার কিংবা এই ধরনের সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না তারা।

বিরোধী দলের সঙ্গে দদ্বের মধ্যেই সুরঞ্জিতই সবার আগে জানিয়েছিলেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য মন্ত্রীরা পদত্যাগ করবেন। এরপর প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের কাজ শুরু করবেন।

সুরঞ্জিতের আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার জানান, রোববারের মধ্যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

মন্ত্রীদের পদত্যাগে মন্ত্রিসভা বিলুপ্ত হবে না জানিয়ে সুরঞ্জিত বলেন, এটা  মন্ত্রিসভা পুনর্গঠন।

পুনর্গঠিত মন্ত্রিসভার আকারের বিষয়ে তিনি বলেন, “একটি ছোট এবং শক্তিশালী মন্ত্রিসভা হবে। বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য ও মতামত এলেই চূড়ান্ত হবে, এই মন্ত্রিসভা কত সদস্যবিশিষ্ট হবে।”

প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে  কোন কোন মন্ত্রণালয় চান, তা জানাতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতা।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী জাতীয় নির্বাচনে কোনো সংসদ সদস্য কোনো ধরনের সরকারি সুবিধা ব্যবহার করতে পারবেন না বলেও বিরোধী দলকে আশ্বস্ত করেন তিনি।

হরতালের বিরোধিতা করে সুরঞ্জিত বলেন, “সংগ্রাম ও সংলাপ একসাথে চালানো বাস্তবসম্মত নয়। পরস্পরবিরোধী এ দুটি বস্তু কখনো একসাথে চলতে পারে না।”