লেগুনায় ছোড়া পেট্রল বোমায় আহত ৬
রাজধানীর লক্ষ্মীবাজার ও ধানমন্ডিতে হরতালের মধ্যে ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হয়েছেন ছয় লেগুনাআরোহী।
এরা হলেন- কামাল হোসেন (৩৫), মুক্তা (৩০), মন্টু পাল (৩৫), মিন্টু দাস (১৮), সাগর দাস (১৯) ও অজ্ঞাতপরিচয় এক বালক।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রোববার রাত সাড়ে ৯টার পর তাদের হাসপাতালে নেয়া হয়।
আহতদের বরাত দিয়ে মোজাম্মেল জানান, রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীবাজার এলাকায় একটি চলন্ত লেগুনাকে লক্ষ্য করে পেট্রোল ছোড়া হলে তারা আহত হন।
কাছাকাছি সময়ে ধানমন্ডির ‘র্যাং গস আনাম প্লাজার’ সামনে আরেকটি লেগুনায় আগুন দেয়া হলে অজ্ঞাত পরিচয় বালকটি দগ্ধ হয় বলে মোজাম্মেল জানান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান জানান, মন্টুর শরীরের ৯০ ভাগ, কামালের ২৫ ভাগ ও মুক্তার ১৭ ভাগ পুড়ে গেছে।
অন্যদিকে ধানমন্ডি এলাকায় দগ্ধ শিশুটির পিঠ, কোমর, বুকের বিভিন্ন জায়গা ঝলসে গেছে বলেও জানান এই চিকিৎসক।
পরিদর্শক মোজাম্মেল জানান, ছেলেটি কখনো তার নাম শিমুল আবার কখনো মিলন বলছে।
গোলাম জিলানী নামের এক পথচারী ঘটনাস্থল থেকে ছেলেটিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান।
