২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

বিরোধী দলের ডাকা হরতালের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত আরো এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 08:54 AM

Updated : 25 Apr 2022, 07:30 PM

এ নিয়ে সোমবার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ রোডে সারুলিয়ার কাছে এ দুর্টনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হলো।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার নুরুল ইসলাম জানান, হতাহতদের অধিকাংশই পোশাক শ্রমিক।

নিহতরা হলেন- শহীনুর বেগম (২৫), আয়েশা বেগম (২৭), হেলেনা আক্তার (২৫) এবং বাসচালক মুন্না (২৫)।

এদের মধ্যে শহীনুর ও আয়েশা অন্ত্বঃসত্তা ছিলেন বলে আহত এক সহকর্মী জানিয়েছেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রডবাহী ট্রাকটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই আহতদের ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

পরে বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলেনার মৃত্যু হয়।

আহতদের মধ্যে নীলা, ঝরনা, আসাদুজ্জামান, জেসমিন ও শাহনাজ ঢাকা মেডিকেলে এবং আরো চারজন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেলে ভর্তি নীলা জানান,  আদমজী ইপিজেডের কুনতং ফ্যাশন লিমিটেড গার্মেন্টের কর্মীদের নিয়ে বাসটি যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় বাসটি রাস্তার পাশে খাদের মধ্যে অর্ধেক নেমে যায়। ফলে সামনে বসা অনেকেই গুরুতর আহত হন। 

জেসমিন জানান, শহীনুর ও আয়েশাও বাসের সামনের দিকে বসা ছিলেন। তারা দুজনেই ছিলেন অন্ত্বঃসত্তা। চলতি মাসেই তাদের ছুটিতে যাওয়ার কথা ছিল।