ঘুমিয়ে গল্প করে প্রথম দিন কেটেছে চার বিএনপি নেতার
কাশিমপুর কারাগারে বন্দি বিএনপির চার শীর্ষনেতার কেউ ঘুমিয়ে এবং কেউ গল্প করে প্রথম দিন কাটিয়েছেন।
রোববার পর্যন্ত দৈনিক পত্রিকা দেয়া হলেও টেলিভিশন দেয়া হয়নি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
কারা বিধান অনুযায়ী ডিভিশনপ্রাপ্ত বন্দিদের একটি কক্ষ, খাট, মশারি, টেলিভিশন (আবেদনের প্রেক্ষিতে) ও দৈনিক পত্রিকা দেয়া হয়ে থাকে।
শুক্রবার সারাদেশে ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দেয়ার পর এ নেতাদের গ্রেপ্তার করা হয়।
কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর ডিভিশন প্রাপ্তদের বন্দিশালা চিত্রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার হোসেন ও চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুকে রাখা হয়েছে।
কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, রোববার বেলা পৌনে ১টার দিকে মওদুদ আহমদের সঙ্গে তার ব্যক্তিগত সহকারী মো. শহিদুল ইসলাম এবং চাচাতো ভাই জুয়েল দেখা করে গেছেন। সেখানে ২৫ মিনিটের মতো ছিলেন তারা।
এ সময় তারা বিএনপির এ নেতাকে শীতবস্ত্র ও কিছু ফল দিয়ে যান।
এম কে আনোয়ার ও মিন্টুর সঙ্গে কেউ দেখা করতে আসেননি বলেও তিনি জানান।
কারাধ্যক্ষ মো. মুজিবুর রহমান জানান, সুরমার বন্দি রফিকুল ইসলাম মিয়া কারাগারের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন কারা কর্তৃপক্ষের কাছে। তিনি কারাগারের দেয়া সব খাবারই আগ্রহ নিয়ে খেয়েছেন।
এছাড়া খবরের কাগজ পড়ে এবং কারারক্ষী ও কারাকর্মকর্তাদের সঙ্গে যতটুকু সম্ভব গল্প করে এবং ঘুমিয়েই প্রথম দিনটা কাটিয়েছেন তিনি।
শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে এ নেতাদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
