সিলেটে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাথর বোঝাই একটি ট্রাক উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে তামাবিল স্থলবন্দর সংলগ্ন নলজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. ইব্রাহিম (২৬) উপজেলার নলজুড়ি গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
গুরুতর আহত এক শ্রমিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নলজুড়ি এলাকায় আসার পর রাস্তার পাশের একটি পিলারে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়।
এ সময় ট্রাকের উপর ৪ শ্রমিক থাকলেও পাথর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক ইব্রাহিম।
