২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ইউটাব প্রতিনিধিদলের বৈঠক

জাতীয়তাবাদী দল সমর্থিত ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটাব) এর একটি প্রতিনিধিদল রাতে গুলশানের বাসায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 10:54 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

রাত সোয়া ৯টায় থেকে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।

শুক্রবার রাত থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গুলশানের বাসার বাইরে মোতায়েনের পর বিরোধী দলীয় নেতার সঙ্গে এটি কোনো প্রতিনিধি দলের প্রথম সাক্ষাৎ।

বৈঠকের পর ইউটাব এর সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার সাংবাদিকদের বলেন. “বিরোধী দলীয় নেতার সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের উদ্বেগের কথা বিরোধী দলীয় নেতাকে আমরা জানিয়েছি।”

তিনি বলেন, “আমরা মনে করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহনমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এই বিষয়ে বিরোধী দলীয় নেতার চলমান আন্দোলনের সঙ্গে আমাদের ঐকমত্যের কথা তাকে জানিয়েছি।”

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের বিষয়ে ইউসুফ হায়দার বলেন, “এটা দুঃখজনন। আমরা মনে করি, এতে সংলাপের পরিবেশ কিছুটা হলেও বিঘ্নিত হবে।”

৮ সদস্যের প্রতিনিধি দলে সংগঠনের মহাসচিব অধ্যাপিকা তাহমিনা আখতার টফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, মোজাদ্দেদী আল হোসানী, অধ্যাপক গোলাম রাব্বানী, সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল আহমেদ প্রমুখ ছিলেন।

এদিকে শিক্ষকদের পর চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাংবাদিকদের মধ্যে বিএফইউজে‘র সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজে‘র সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, চিকিৎসকদের মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশনের ডা. রফিকুল ইসলাম প্রমূখ পেশাজীবী নেতারা সাক্ষাৎ করেন।