২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘ভাগ্নের’ দায়ের কোপে মামা খুন

নেশার টাকা না দেয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবক কুপিয়ে নিজের মামাকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রশিদপুরে বোনের বাড়িতে বেড়াতে আসা আফাজ উদ্দিন (৫০) খুন হন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহরিয়া দেওহাটা এলাকায়।

এ ঘটনার পর থেকে আফাজের ভাগ্নে সোহেল রানা (২০) পলাতক রয়েছে।

কালিয়াকৈর থানার এসআই মো. মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন আগে কালিয়াকৈরে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন আফাজ।

সন্ধ্যায় সোহেল নেশা করার জন্য তার মামার কাছে ২০০ টাকা দাবি করেন। কিন্তু মামা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সোহেল।

দায়ের আঘাতে শ্বাসনালী কেটে গেলে ঘটনাস্থলেই আফাজ উদ্দিনের মৃত্যু হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।