২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন লাশসহ নিখোঁজ সিমেন্টবোঝাই ট্রলার উদ্ধার

মুন্সীগঞ্জ থেকে ভৈরবগামী সিমেন্টবোঝাই একটি ট্রলার নিখোঁজের চারদিন পর বরগুনা থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে ওই ট্রলারসহ নিখোঁজ চার ব্যক্তির মধ্যে তিন জনের লাশও পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

হত্যা ও সিমেন্ট লুটে জড়িত অভিযোগে শুক্রবার তিন জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন হাসিবুল হক জানিয়েছেন, শুক্রবার রাত ১২টার দিকে বরগুনার পচাকোড়ালিয়া এলাকার স্লুইজ ঘাটে ভেড়ানো অবস্থায় পাওয়া যায় সিমেন্ট বহনকারী ট্রলারটি। পরে এলাকার বিভিন্ন দোকান ও আটককৃতদের বাসা থেকে ওই ট্রলারের ১৫শ’ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

আটকরা হলেন মহিউদ্দিন পাটোয়ারী, জয়নাল পাটোয়ারী ও শাহিন পাটোয়ারী। 

ট্রলার মালিক নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার ‘সাইমা পরিবহন’ নামের ট্রলারটিতে করে এক হাজার ৬৩২ বস্তা সিমেন্ট মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে ভৈরবের উদ্দেশে রওনা হয়।

কিন্তু ছাড়ার পর থেকে ট্রলারটির আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ট্রলারে ছিলেন তার ভাগ্নে নুরুল ইসলাম, শ্রমিক মহিউদ্দিন, জাকির হোসেন ও আসাদ।

এর দুদিন পর বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটে মহিউদ্দিনের লাশ পাওয়া যায়। ওই এলাকারই আশপাশে শনিবার সকালে পাওযা যায় নুরুল ইসলাম ও জাকিরের লাশ। আসাদের খোঁজ এখনো পাওয়া যায়নি।

ডাকাতরা ট্রলারের চার জনকেই হত্যা করেছে বলে নজরুল ধারণা করছেন।