চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
বিএনপির শীর্ষ নেতাদের আটকের পর শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দলীয় কর্মীদের অবরোধ ও যানবাহন ভাংচুরের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড প্রায় ৪০কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটের কারণে সাধারণ যাত্রীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তিচ্ছুরাও চরম ভোগান্তিতে পড়েছেন ।
শুক্রবার বিকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখুরল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেয়ার পর রাতে গ্রেপ্তার হন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে।
পুলিশ জানায়, এর পরই সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাইপাস, কুমিরা, বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের পর রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সীতাকুণ্ড অঞ্চলের এএসপি সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাতে বিজিবি মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সকালে বিজিবি প্রত্যাহার করা হয়।
স্থানীয় সাংবাদিকরা জানান, এর মধ্যেই চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বার সিটি গেইটের কাছাকাছি এলাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
কুমিরা হাইওয়ের সার্জেন্ট মো. শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি যান চলাচল স্বাভাবিক করার।”
এদিকে যানজটে আটকা পড়ে নির্ধারিত সময়ে পরীক্ষা হলে উপস্থিত হতে পারেননি চুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ঢাকা ও অন্যান্য জেলা থেকে আসা বেশকিছু শিক্ষার্থী।
এক পরীক্ষার্থীর বড় ভাই ইকবাল হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সীতাকুণ্ডে বাস যানজটে পড়ে। সারারাত অপেক্ষার পরও মুক্ত হতে না পেরে বাস থেকে নেমে যাই।
“পরে হেঁটে, সিএনজি ও লোকাল বাসে চড়ে সকাল ১০টা ৪৫মিনিটে চুয়েটে পৌঁছাই। এরপর ছোট ভাই পরীক্ষা হলে প্রবেশ করে।”
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্ধারিত সময় সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। যানজটের বিষয়টি আমরা জানি। ১১টায়ও পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেয়া হয়েছে।
“যারা বিলম্বে এসেছেন তাদের অতিরিক্ত ২০-২৫ মিনিট সময় দেয়া যায় কি না তা বিবেচনা করে দেখা হচ্ছে।”
এদিকে যানজটের কারণে শনিবার সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি।
দুপুর ১২টার দিকে নগরীর একে খান এলাকার বাস কাউন্টারে অপেক্ষমান যাত্রী বিদেশ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল নয়টা থেকে টিকেট করে বসে আছি। ১০টায় যে বাস ছাড়ার কথা তা এখনো আসেনি। কখন আসবে তাও জানি না।”
সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান বলেন, “ভাংচুরের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি আমরাও যানজট নিরসনের চেষ্টা করছি।”
