আদালতপাড়ায় বোমা বিস্ফোরণ
হরতাল ডাকার পর আটক বিএনপি নেতাদের হাজির করার আগে পুরান ঢাকায় আদালতের ফটকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতে প্রবেশের প্রধান ফটকের পাশে পুলিশ ক্লাবের সামনেপরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।এতে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পাশে এই বিস্ফোরণ ঘটেছে। আটক পাঁচ নেতাকে দুপুরের পর ওই হাজির করানোর কথা রয়েছে। তারা এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রয়েছেন।
বিএনপি নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া ও আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
হাতবোমা বিস্ফোরণের পর ওই এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়।
হাতবোমাগুলো কারা ফাটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের সন্দেহ, এতে বিরোধী দলের কর্মীরা জড়িত।
শুক্রবার রাতে বিএনপি নেতাদের আটকের পর রাজধানীর কয়েকটি স্থানে গাড়ি পোড়ানো ও হাতবোমার বিস্ফোরণ ঘটে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
