২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ

পাবনার সাঁথিয়ায় হিন্দুদের বসত বাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন, সমাবেশ ও মিছিল হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 07:58 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার বিকেলে সনাতন ধর্ম পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কমিউনিস্ট পার্টি আলাদাভাবে এসব কর্মসূচি পালন করে।

হিন্দু ধর্মাবলম্বীদের কালী পূজার দিনে সাঁথিয়ায় যে হামলা চালানো হয় তা অকল্পনীয় বলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে মন্তব্য করেন সনাতন ধর্ম পরিষদের নেতারা।

হিন্দু সম্প্রদায় ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও লুটপাট স্বাধীন দেশে সংখ্যালঘুদের আত্মবিশ্বাসে ফাটল ধরানোর চেষ্টা। পাশাপাশি এ হামলা বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যেও আঘাতের শামিল বলে মনে করেন বক্তারা।

তাদের মতে, রামুর বৌদ্ধপল্লীতে হামলার মতই সাঁথিয়ার হামলাও পূর্ব পরিকল্পিত। রামুর ঘটনায় জড়িতদের শাস্তি হলে এ ঘটনা ঘটতো না।

সনাতন ধর্ম পরিষদের সভাপতি তাপসী ঘোষ রায়, সাধারণ সম্পাদক সজীব ঘোষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরেন বিশ্বাস,  বেনু কুমার দে, শংকর লাল সাহা প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।

জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শওকত বাঙ্গালি ও অ্যাডভোকেট চন্দন বিশ্বাস সমাবেশে সংহিত প্রকাশ করেন।

সনাতন ধর্ম পরিষদের সমাবেশের পর প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা শাখা।

চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক অশোক সাহা, অমৃত বড়ুয়া, চন্দন দাশ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, রাহাতুল্লাহ জাহিদ, রেখা চৌধুরী প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশ থেকে অবিলম্বে সাঁথিয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গত শনিবার সাঁথিয়ার বনগ্রামে রাজিব সাহা নামের একজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী হযরত মুহম্মাদ (স.) সম্পর্কে কটূক্তির গুজব রটিয়ে হিন্দুদের ঘরবাড়ি ও উপসনালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।