কুষ্টিয়ায় চোরাচালানের পণ্যসহ আটক ২
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে পাটিকাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
এ ব্যাপারে বেলা ১১টায় ৩২ বিজিবির সদর দপ্তরে এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হয়।
প্রেস ব্রিফিংয়ে সিইও কাজী আরমান হোসেন জানান, ভোর ৫টায় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, বিজিবির একটি টহল দল এবং মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই চোরাচালানীকে আটক করে।
এরা হলেন চুয়াডাঙ্গার মুন্সিপুর গ্রামের রতন শেখের ছেলে আব্দুর রশিদ ও কোটপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মোরাদ হোসেন।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় চাদর, জিরা ও একটি মোটরসাইকেল। এসব মালামাল বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
আটক মালামালের মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে জানান তিনি।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চোরাচালান মামলা দায়ের করা হয়েছে বলে আরমান জানান।
