রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন গ্রামীণ ব্যাংককর্মীরা
সংসদে পাস হওয়া গ্রামীণ ব্যাংক সংশোধিত আইনটি বতিলের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন ব্যাংকটির কর্মচারীরা।
বৃহস্পতিবার রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এক মানববন্ধন শেষে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি সামসুল আলম সাংবাদিকদেরকে একথা জানান।
সরকারের কাছে অর্থিক হিসাব দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছেও হিসাব দেয়ার বাধ্যবাধকতা রেখে মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয় গ্রামীণ ব্যাংক সংশোধিত আইন যাকে প্রতিষ্ঠানটির ‘স্বাধীনতা খর্ব’ বলে দাবি করছেন এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস।
সামসুল বলেন, “তারা ওই আইনটি বাতিলের জন্য অচিরেই রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেবেন। শীঘ্রই ব্যাংকের গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে এর দিনক্ষণ ঠিক করবেন।
ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট কেউ ওই আইন পরিবর্তনের পক্ষে নেই দাবি করে এর পরেও আইনটি সংসদে পাস হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
সংশোধিত আইনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনোনয়নে কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্বও বাড়ানো হয়েছে।
বিল পাসের পর বুধবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ইউনূস বলেন, সরকার গ্রামীণ ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ ইউনূস।
অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের মার্চে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে আদালতে গিয়ে হেরে যাওয়ার পর ইউনূস পদত্যাগ করেন।
