আন্তর্জাতিক স্বীকৃতি পেল শাহ আমানত বিমান বন্দর
আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) দেয়া সনদ হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন সনদটি শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলমের হাতে তুলে দেন।
নূর-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে সনদ গ্রহণ করেছি। আইকাও এর পক্ষে সনদ প্রদানের ক্ষমতাপ্রাপ্ত দেশীয় প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।”
২০১৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত এই সনদের মেয়াদ থাকবে বলে জানান তিনি।
বিমান বন্দরের কর্মকর্তারা জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকারে ১৯৪০ সালে প্রথম চট্টগ্রাম বিমান বন্দর নির্মাণ করা হয়। তখন এটি চিটাগাং এয়ারফিল্ড নামে পরিচিত ছিল।
স্বাধীনতার পর ১৯৭৭-৭৮ এবং ১৯৮৪-৮৫ সালের এ বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ করা হয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জাপান সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় ১৯৯৮ সালে বিমান বন্দরের সম্প্রসারণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০০০ সালে।
