২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ভাই-বোন নিহত

গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনীতে রেললাইনের উপরে ট্রেনে কাটা পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 07:06 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

নিহত দুজন হলো- জাহিদ মিয়া (১২) ও শিলা খাতুন (১৪ মাস)। জাহিদ সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পুর্বকোমরনই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আর শিলা খাতুন (১৪ মাস) তার ভাই শফিকুল ইসলামের মেয়ে।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ওসি সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে সান্তাহার-লালমনিরহাট রেলরুটের ত্রিমোহিনী স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি সাইদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে আত্মীয়-স্বজনের সঙ্গে ত্রিমোহনীর পার্শ্ববর্তী দক্ষিণ হরিণসিঙ্গা গ্রামে এক কুলখানিতে যায় ওই দুজন।

“দুপুরে চাচাত বোন শিলাকে কোলে নিয়ে জাহিদ রেলপথ ধরে হাটছিল। এসময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস তাদের উপর দিয়ে চলে যায়।

“এতে ঘটনাস্থলেই শিলার মৃত্যু হয়। আর গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জাহিদ।”

রেলপুলিশের এই কর্মকর্তা জানান, লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।