২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভি ও সংসদ টিভির মধ্যে সমঝোতা স্মারক সই

স্বতন্ত্র ও পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সংসদ বাংলাদেশ টেলিভিশনকে (সংসদ টিভি) সহযোগিতা করবে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

এই ব্যবস্থা রেখে সংসদ সচিবালয় ও বিটিভির মধ্যে সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কার‌্যালয়ে বিটিভির পক্ষে মহাপরিচালক ম.হামিদ ও সংসদ সচিবালয়ের পক্ষে ব্রডকাস্টিং অনুবিভাগের মহাপরিচালক সৈয়দ আহম্মদ এসে সই করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসময় উপস্থিত ছিলেন।

২০১১ সালের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে যাত্রা শুরু করে সংসদ টিভি নামে পরিচিত টেলিভিশন চ্যানেল ‘সংসদ বাংলাদেশ’।

২০১০ সালের ১১ ফেব্রুয়ারি সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ কার্যক্রম তুলে ধরার জন্য সংসদ বাংলাদেশ নামে একটি টেলিভিশিন চ্যানেল চালুর সিদ্ধান্ত নেয় জাতীয় সংসদ।

ওই দিন সরকারি দলের সংসদ সদস্য বেনজীর আহমেদ সংসদ বিষয়ক একটি বিশেষ টিভি চ্যানেল স্থাপনের প্রস্তাব তুললে তৎকালীন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ তা গ্রহণ করেন। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।

বর্তমানে সংসদ অধিবেশন পুরোটাই সংসদ টিভি সম্প্রচার করে। এছাড়া অন্যসময় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘণ্টা এই চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

শুরু থেকে এই চ্যানেলটির সার্বিক কার্যক্রম বিটিভির সহযোগিতায় চলছে। সম্প্রতি সংসদ সচিবালয় এই চ্যানেলের জন্য একটি ব্রডকাস্টিং অনুবিভাগ গঠন করে।

অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন বলেন, “সংসদ অধিবেশন দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সে জন্যই সংসদ টিভি প্রতিষ্ঠা করা হয়। গণতন্ত্র সুসহংত করতে এই টেলিভিশন চ্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

তিনি বলেন, “সংসদ টিভিকে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজ শুরু করতে হবে। সংসদ অধিবেশন যাতে এই চ্যানেল নিজেরা সম্প্রচার করতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে।”

সংসদ টিভির জন্য আলাদা স্টুডিও তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান শিরীন শারমিন।

তথ্যমন্ত্রী ইনু বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদ টিভি ভূমিকা পালন করছে। আশা করি, স্বতন্ত্র চ্যানেল হিসেবে এটা প্রতিষ্ঠা পাবে।

“গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই আশা আমাদের সবার।”

অনুষ্ঠানে সংসদ সচিব আশরাফুল মকবুল, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মরতুজা আহম্মদসহ অন্যরা বক্তব্য রাখেন।