২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ধর্মঘটে ঢাকা-কিশোরগঞ্জ যোগাযোগ ব্যাহত

শ্রমিক নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে বাস ধর্মঘটে যোগাযাগ ব্যাহত হচ্ছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোরাদ রেজা জানান, বুধবার সন্ধ্যা থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকা মহাখালী রুটে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে পরিবহন সমিতি ও জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন।

তিনি বলেন, “ঢাকা মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রীক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন চাঁদাবাজি ও হয়রানিসহ শারীরিক নির্যাতন চালায় কিশোরগঞ্জের বাস মালিক, চালক ও শ্রমিকদের উপর। এর প্রতিবাদেই এ ধর্মঘট।”   

বিএনপি-জামায়াত জোটের টানা তিন দিনের হরতাল শেষ হতে না হতেই শুরু হওয়া এই বাস ধর্মঘটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।  

তবে ভৈরব-নরসিংদী-নারায়ণগঞ্জ হয়ে সায়দাবাস বাস টার্মিনাল দিয়ে বাস চলাচল অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেয় ‘কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতি’ ও ‘জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন’।

আলমগীর মোরাদ রেজা সাংবাদিকদের বলেন, “সমস্যাটি নিয়ে দীর্ঘদিন ধরে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে দেনদরবার ও একাধিকবার পরিবহন ধর্মঘট করেও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আবারও ধর্মঘট ডেকেছি আমরা।”

অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমস্যাটি মূলত ঢাকা-মহাখালীবাস টার্মিনাল কেন্দ্রিক তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি আমরা।”

তিনি জানান, পরিবহন সমিতি ও মটরযান শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।