২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার আসামি জেএসসি ও পিএসসি পরীক্ষার্থী 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একটি সংঘর্ষের মামলায় জেএসসি ও পিএসসি পরীক্ষার্থী দুই সহোদর শিশুকে আসামি করার অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 07:01 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে জেএসসি পরীক্ষার্থী ফরহাদ মিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

লিখিত বক্তব্যে শিশু ফরহাদ বলে, ফুলবাড়ীয়ার কুশমাইল এলাকায় গত ৩০ অক্টোবর প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার মা আনোয়ারা বেগম মারাত্মকভাবে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওই হামলার ঘটনায় ফরহাদের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পরদিন (৩১ অক্টোবর) ফুলবাড়ীয়া থানায় একটি মামলা করেন। এই মামলায় এলাকার প্রতিপক্ষের মোফাজ্জলকে (মোফা) প্রধান আসামিসহ আট জনকে আসামি করা হয়।

এরপর গত রোববার (৩ নভেম্বর) তার বাবার দায়ের করা মামলার প্রধান আসামি মোফাজ্জল পাল্টা একটি মামলা করেন।

ওই মামলায় ফরহাদ, তার বাবা, মা ও ছোট ভাই পিএসসি পরীক্ষার্থী সোহাগ মিয়াকে আসামি করা হয়।

ফরহাদ আরো বলে, এরপর ফুলবাড়ীয়া থানায় এসআই  নূরুল ইসলাম মামলার বাদী আবু বক্কর সিদ্দিককে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করেন।

শিশু ফরহাদ মিয়া আরো জানায়, তার মা হাসপাতালে এবং বাবা জেল হাজতে থাকায় ছোট দুই বোন লাবনী (৫), লাশমী (৩) এবং ছোটভাই পিএসসি পরীক্ষার্থী সোহাগ মিয়াকে নিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি আনোয়ার হোসেন ভূইয়া সাংবাদিকদের জানান, শিশুদের মামলায় আসামি করার সুযোগ নেই। ভুল তথ্য দিয়ে বয়স বেশি দেখিয়ে এ শিশুদের আসামি করা হলে তদন্তের মাধ্যমে উক্ত বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু ফরহাদ ও শিশু সোহাগ জেএসসি ও পিএসসি পরীক্ষায় অংশ নিলে পুলিশ তাদের গ্রেপ্তার করবে না।