ফরিদপুরে প্রতিমা ভাংচুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামে শ্রীনগর মধ্যপাড়া বারোয়ারি সমিতির মন্দিরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এলাকাবাসী জানান, বুধবার সকালে তারা মন্দিরের রক্ষাচণ্ডী, শীতলা ও সরস্বতী প্রতিমা ভাঙা দেখতে পান।
শ্রীনগর মধ্যপাড়া বারোয়ারি সমিতির সভাপতি অসিত বরণ সাহা জানান, রাতের কোনো এক সময়ে সেমিপাকা ঘরের লোহার গ্রিলের গেটের তালা ভেঙে মন্দিরের ভেতরে ঢোকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
প্রতিমা ভাঙার খবর পেয়ে সকালে বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামান ও থানার ওসি রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি রুহুল আমিন বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
