নারায়ণগঞ্জে হরতালে আটক ৭
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে আড়াইহাজার ও ফতুল্লা থেকে বিএনপি, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের তিন স্থানীয় নেতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে বুধবার সকালে গলাচিপা এলাকায় রেলপথে আগুন দিয়েছে পিকেটাররা। বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মঈনুর রহমান জানান, নাশকতার অভিযোগে বুধবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রুশো, আড়াইহাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সেলিম মিয়া ও হাইজাদি ইউনিয়ন বিএপির সভাপতি জাকির হোসেনকে আটক করা হয়।
এদের মধ্যে ফতুল্লা থেকে আটক করা হয় রুশোকে। বাকি দুজনকে ধরা হয় আড়াইহাজার থেকে।
এছাড়া রূপগঞ্জের আধুরিয়া এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টার সময় আটক করা হয় আরো চারজনকে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিকেটাররা ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অবরোধের চেস্টা করে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সকাল ৭টার দিকে উপজেলার আধুরিয়া এলাকায় হরতাল সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন দেয়। এ সময় তিনটি গাড়িতে ভাংচুর চালায় তারা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় রেল চলাচলে কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কালনী এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির সমর্থকরা হরতালের সমর্থনে মিছিল বের করে।
পরে তারা টায়ার জ্বালিয়ে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশেল সঙ্গে পিকেটারদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ফাটানো হয় ৫/৬টি হাতবোমা। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শহরের দেওভোগ এলাকায় পুলিশ হরতালকারীদের মিছিলে বাধা দিলে সেখানেও কয়েকটি ককটলে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
