২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় অব্যাহতি আ. লীগ নেতা মোশাররফের

চার দলীয় জোট সরকারের আমলে দায়ের করা দুর্নীতির মামলায় খালাস পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ দুই জন।   

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো নুরুল ইসলাম মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। 

খালাস পাওয়া অন্যজন হলেন- সাবেক সংসদ সদস্য মাস্টার মুজিবুর রহমান।

ইঞ্জিনিয়ার মোশাররফ মন্ত্রী থাকাকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নীতিমালা লংঘন করে মুজিবুরকে প্লট বরাদ্দ দিতে রাজউকের কাছে সুপারিশ করেন অভিযোগ এনে ২০০২ সালে এই মামলা করে তৎকালীন দুর্নীতি দমন প্রতিরোধ ব্যুরো।

রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জানতে চাইলে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা রাজনৈতিক মামলা। আপিল করার চিন্তা আপাতত করছি না।”

মুজিবুর রহমানের ঢাকায় বাড়ি থাকার তথ্য গোপন করেই প্লটের আবেদনটি করা হয়েছিল বলে অভিযোগে বলা হয়।

দীর্ঘ ১১ বছরে এ মামলায় পাঁচ জনের সাক্ষ্য নেয়া হয়। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন দুই আসামি।

১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক বিমান চলাচল, পর্যটন, গৃহায়ণ ও পূর্তমন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রায় ৩৫ বছর ধরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির পদে রয়েছেন তিনি।

চলতি বছরের অগাস্টে মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য করা হয়।

চট্টগ্রামের মিরসরাই থেকে  ১৯৭০ ও ৭৩ সালে প্রাদেশিক পরিষদ সদস্য এবং ১৯৮৬, ৯৬ ও ২০০৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি।