চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুইজন এবং চট্টগ্রাম নগরীতে ও সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হন।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, সকাল ৭টার দিকে উপজেলার মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের ললাঁটি এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। আহত হন আরো দুইজন।
নিহতরা হলেন- উপজেলার কাঁচপুর নয়বাড়ি অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড কারখানার কোয়ালিটি সুপার ভাইজার বাহার উদ্দিন (৩০) এবং সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সুপ্রিম স্যুয়েটার কারখানার অপারেটর সেলিনা বেগম (২৭)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সোহেল ইমতিয়াজ জানান, দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এদিকে সোমবার রাতে চট্টগ্রাম নগরীর সাগরিকা রোড এবং সীতাকুণ্ড উপজেলার শুকলাল হাট এলাকায় দুর্ঘটনায় স্বপন চৌধুরী (৩৯) ও মো. জয়নাল আবেদীন নিহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সাগরিকা রোড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত স্বপনকে রাত আড়াইটার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, শুকলাল হাট এলাকায় একটি গাড়ির ধাক্কায় জয়নাল আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তবে কী তাকে ধাক্কা দিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
