২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়ানোর সিদ্ধান্ত মালিকপক্ষ মেনে না নেয়ার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে তাদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোণাবাড়ির প্রায় সব কারখানা এবং কাশিমপুরের বেশিরভাগ কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।

কোণাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল ইসলাম জানান, সকালের দিকে এই শিল্পাঞ্চলের তুসুকা গার্মেন্ট, এনটিকেসি, ডেল ফ্যাশন, স্ট্যান্ডার্ড গ্রুপ, যমুনা গ্রুপ এবং জরুন এলাকার ইসলাম গ্রুপ, কেয়া গ্রুপসহ বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুরের চেষ্টা করে।

এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধ ও গাড়ি ভাংচুর শুরু করে।

মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে জবাবে লাঠিপেটা এবং কাঁদুনে গ্যাসেল শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সকাল ১০টা প্রায় এক ঘণ্টার এ সংঘর্ষে ১৫ থেকে ২০ জন আহত হন।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান, মালিকরা বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে না নেয়ায় সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাশিমপুরের ডিবিএল গ্রুপ, মণ্ডল গ্রুপ ও ডেল্টাগ্রুপসহ অন্তত ১৫টি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় এসে বিক্ষোভ শুরু করে।  

এই দুই এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে মালিকপক্ষ এদিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।

সরকার গঠিত মজুরি বোর্ড সোমবার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে। 

কিন্তু শ্রমিকদের এই মজুরি দেয়ার ‘সামর্থ্য’ নেই জানিয়ে মজুরি বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মালিকপক্ষের সংগঠন বিজিএমইএ।  

অন্যদিকে পোশাক শ্রমিকদের কয়েকটি সংগঠনও প্রস্তাবে আপত্তি জানিয়ে ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার জন্য দুই সপ্তাহের সময় বেধে দিয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে কারখানায় ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে আন্দোলন করে আসছিল শ্রমিকরা।