২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনে হামলা, ১০ যাত্রী আহত

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় স্টেশন ছেড়ে যাওয়ার সময় একটি ট্রেনে হাতবোমা ও ঢিল ছুড়েছে পিকেটাররা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ।    

বোনারপাড়া জিআরপি থানার ওসি সাইদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্টেশনের পাশে শাপলা মার্কেট থেকে পিকেটাররা লালমনিরহাটগামী ‘পদ্মরাগ টোয়েন্টিওয়ান আপ’ ট্রেনে এ হামলা চালায়।     

বগুড়া রেল স্টেশনের মাস্টার বেনজির আহমেদ জানান, ট্রেনটি স্টেশন ছেড়ে তিনশগজ দূরে শাপলা মার্কেট এলাকায় পৌঁছালে হরতালকারীরা বাইরে থেকে ঢিল ও বোমা ছুড়ে মারে।

এ সময় স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

স্টেশনমাস্টার বেনজির বলেন, বগুড়া স্টেশনের পরে ট্রেনটি গাবতলী স্টেশনে থামে। ওই স্টেশনের কর্মকর্তাদের কাছ থেকে খবর নিয়ে জানা যায়, হামলার ঘটনায় ট্রেনের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বোনারপাড়া জিআরপি থানার ওসি সাইদুর রহমান বলেন, “যাত্রীরা সামান্য আহত হয়েছেন।”

তিনি বলেন, ট্রেনটি যেহেতু লালমনিরহাটে যাবে, সেখানে গিয়েই ট্রেনের চালক মামলা করতে পারবেন।

এদিকে সকাল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরে সকাল সাড়ে ৭টায় শহরের ইয়াকুবিয়া মোড়, ৮টায় সেউজগাড়ি মোড়সহ শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা বোমাবাজি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।