নারায়ণগঞ্জে রেলপথ অবরোধ, ভাংচুর-বোমাবাজি
বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের শুরুতেই নারায়ণগঞ্জের উকিলপাড়া এলাকায় রেলপথ অবরোধ এবং ফতুল্লায় লিংকরোডে সড়ক অবরোধ করেছে বিএনপি-জামায়াত কর্মীরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মঙ্গলবার সকালের দিকে হরতালকারীরা উকিলপাড়ায় লোহার পাইপ ফেলে প্রায় আধাঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ অবরোধ করে রাখে। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ সময় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে শহরের দেওভোগ এলাকা থেকে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করেন মহানগর যুবদলের আহবায়ক ও সিটি কর্পোরেশন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
মিছিলকারীরা উকিলপাড়ায় গিয়ে রেলপথ আটকায়। এ সময় কয়েকটি যানবাহন ভাংচুরের পাশাপাশি ১০/১২টি ককটেল ফাটানো হয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
এর আগে সকাল ৭টার দিকে মণ্ডলপাড়া থেকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। মিছিলটি শেষ হয় ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে।
পুলিশ এ সময় বাধা দিতে গেলে নেতা-কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে জামায়াত-শিবিরকর্মীরা ফতুল্লার ভূঁইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেস্টা করে। ৮ থেকে ১০টি হাতবোমাও ফাটায় তারা।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে পুলিশ যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।
হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটের গণ পরিবহন চলছে।
