২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড মঙ্গলবার

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিবেদনের তৈরির জন্য সাংবাদিকদেরকে দেয়া হচ্ছে ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৩।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 12:54 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত সাংবাদিকদের নাম ঘোষণা ও পুরস্কার দেয়া হবে বলে ডিআরইউর এক দাওয়াতপত্রে জানানো হয়।

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই দাওয়াতপত্রে বলা হয়, গ্রামীণফোন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবার এ অ্যাওয়ার্ডের নাম নির্ধারণ করা হয়েছে ‘ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৩’।

অনুষ্ঠানে ২০ জন সাংবাদিকের প্রত্যেককে ৭৫ হাজার টাকার আর্থিক মূল্যমানের পুরস্কার দেয়া হবে। এছাড়া প্রতিটি বিষয়ের শ্রেষ্ঠ রিপোর্টারকে সম্মাননাপত্র-ক্রেস্টও দেয়া হবে।  

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে অতিথি থাকবেন।

গণমাধ্যমের প্রতিবেদকদের পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ডিআরইউ তার সদস্যদের জন্য এ পুরস্কারের আয়োজন করে থাকে।