গাজীপুরে ফের বাসে আগুন
গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ৬০ ঘণ্টা হরতালের প্রথম রাতে আরো একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা।
সোমবার রাত ৮টার দিকে বলাকা পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোঁড়া হলে এর বেশিরভাগ অংশ পুড়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
নির্বাচনকালীন সময় শুরুর পর বিরোধী দলের ডাকা দ্বিতীয় দফা ৬০ ঘণ্টা হরতালে গাজীপুরে এ নিয়ে সাতটি যানবাহনে আগুন দেয়া হল।
এর আগে ওই এলাকায় আরো ছয়টি বাস ও কভার্ডভ্যানে আগুন দেয় হরতাল সমর্থকরা। তবে রাতের ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হুমায়ুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে চান্দনা-চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে জেলা শহরের দিকে যাওয়ার পথে সড়ক ভবনের সামনে চলন্ত অবস্থায় ওই বাসে পেট্টোল বোমা মারে হরতালকারীরা। এতে মুহূর্তে বাসের ইঞ্জিনসহ অধিকাংশ স্থান পুড়ে যায়।
জয়দেবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায় বলে জানান হুমায়ুন।
