খানাখন্দের ঢাকা-সিলেট মহাসড়ক
বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা একটি নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে।
গত তিনমাসে এ সড়কে দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৭৬ জন।
হাইওয়ে পুলিশের সিলেট জোনের সহকারী পুলিশ সুপার গোলাম মোহাম্মদ হতাহতের এ পরিসংখ্যান জানিয়ে বলেন, সড়কের বাম অংশ ভাঙা থাকায় ডান অংশ দিয়ে গাড়ি চালানোর প্রবণতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সিলেট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে মহাসড়ক সার্ভিসিং করতে হয়। তা না হওয়ায় ভারি যান চলাচলের কারণে প্রতিনিয়ত মেরামত করার পরও রাস্তা ভাঙা ঠেকানো যাচ্ছে না।
তিনি জানান, মহাসড়কের ধারণ ক্ষমতা ২০ টন। কিন্ত জাফলং ও ভোলাগঞ্জ থেকে পাথরবাহী ৪০-৫০ টন ওজনবাহী ট্রাকও চলাচল করে।
এ কারণেই সিলেট থেকে ঢাকা অভিমুখী রাস্তার বাম অংশ ভাঙছে বলে দাবি করেন তিনি।
২৪৮ কিলোমিটার দৈর্ঘ্যর এ মহাসড়কের সিলেট অংশে প্রায় ৩৯ কিলোমিটারের অবস্থা ঝুঁকিপূর্ণ।
সিলেটের দক্ষিণ সুরমার তেতলী এলাকা থেকে শুরু করে নবীগঞ্জের আউশকান্দি পর্যন্ত অন্তত ৬০টি জায়গায় রাস্তা ভেঙেছে।
এরমধ্যে তেতলী, সাতমাইল, রশিদপুর, কুরুয়া, দয়ামীর, ব্রহ্মণশাসন, গোয়ালাবাজার, ওসমানীনগর, গয়নানগর, কাগজপুর, সাদীপুর, শেরপুর টোলপ্লাজা, ইনাতগঞ্জ ও আউশকান্দি এলাকায় বেশি খানাখন্দ ও ফাটল রয়েছে।
সরেজমিনে এসব এলাকায় ঘুরে দেখা গেছে, কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও দেবে গেছে, আবার কোথাও রয়েছে ছোট-বড় ফাটল।
মহাসড়কের ওসমানীনগর এলাকার ব্রাহ্মণশাসন মোড়ের একপাশ দেবে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
এই এলাকার বাসিন্দা শিব্বির আহমদ আনোয়ার জানান, এ মোড়ে প্রতদিনিই ছোটখাটো দুর্ঘঘটনা ঘটছে।
গত বছরের ১১মে গ্রীনলাইন পরবিহনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংর্ঘষে ইফতেখার হোসেন শামীমসহ ৮ জন নিহত হন।
সিলেট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সহ-সভাপতি শাহনুরুর রহমান সানুর বলেন, এই মহাসড়কের দুর্ঘটনায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতখোর হোসনে শামীম ও সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মমিনুল মউজদীনসহ অনেকের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী এহতেশাম রাশেদ বলেন, সড়ক সংস্কারে ১১ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে এ সমস্যা আর থাকবে না।
