হরতালে নাশকতা: রাজধানীতে ১০ জনকে সাজা
হরতালে রাজধানীতে পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপ, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ নানা অপরাধে জড়িত থাকায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া রাজধানীতে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার ২১ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, সোমবার সকালে যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় হরতালকারীদের মিছিল থেকে পুলিশের ওপর হাতবোমা ছোড়া হয়।
এ সময় ৮৪ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল মাহমুদ (১৯), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির কর্মী ইকবাল হোসেন (২০) এবং তিতুমীর কলেজ ছাত্রদলের কর্মী মোজাম্মেল হোসেনকে (২০) চারটি হাতবোমাসহ গ্রেপ্তার করা হয়।
পরে নির্বাহী হাকিম প্রতাংশু হাওলাদারের আদালতে তাদের ছয় মাসের কারাদণ্ড হয় বলে ওসি জানান।
ঢাকা মহানগর পুলিশ সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,রমনায় দুজনকে দুই মাস করে, খিলগাঁও দুজনকে ও বনানীতে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
সোমবার হরতালে নানা ধরনের নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয় বলে আবু ইউসুফ জানান।
হরতালের আগের দিন রাজধানীতে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন থানায় নয়টি মামলা হয়েছে।
