২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় আওয়ামী লীগের সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

সোমবার বিলাসপুর ইউনিয়নের দাইমদ্দিন খলিফা কান্দি গ্রামে রাজ্জাক মাদবর ও ছোবহান  মাদবরের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

এ সময় উপর্যুপরি হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে কয়েকটি বিদ্যালয়ে সোমবার পাঠদান হয়নি বলে স্থানীয়রা জানান।

আহতদের মধ্যে ঝর্না, রানা সরদার, কামাল খলিফা, শাহিন সরদার, মামুন খলিফা, আরজু সরদার, সেলিম সরদার, হালেম মাদবর, ছাদিয়া জাহান, রাজিব সরদার ও সজীবের নাম জানা গেছে।

হাতবোমায় ঝলসে যাওয়া ঝর্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জাজিরা থানার ওসি আকরাম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজ্জাক মাদবর ও ছোবহান  মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুদলের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে তারা বেশকয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষের কারণে কাজিয়ার চর ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, কজিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাই মাদবর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদে আলী মাদবর কান্দি জগৎ জননী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান হয়নি।

কাজিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা কল্পনা আকতার ও কাজিয়ার ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন তাদের প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী না আসার কথা নিশ্চিত করেছেন।