ফরমালিনের অপব্যবহারে ১০ বছরের কারাদণ্ড
ফরমালিনের অপব্যবহার বন্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ফাইল ছবি
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “ফরমালিনের অপব্যবহার এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফরমালিনের অপব্যবহার রুখতেই এ আইন করা হচ্ছে।”
এ আইনে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়েছে জানিয়ে সচিব বলেন, ফরমালিন বিক্রির লাইসেন্সের শর্ত ভাঙলে তিন বছর থেকে দশ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনে।
লাইসেন্স ছাড়া ফরমালিন রাখলেও একই মেয়াদের শাস্তি ও অর্থদণ্ড প্রযোজ্য হবে।
কেউ যদি তার বাসা-বাড়িতে অবৈধভাবে ফরমালিন রাখার অনুমতি দেয়, তাহলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
ইতোমধ্যে নিরাপদ খাদ্য আইন পাস হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ওই আইনের সঙ্গে যেন ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন সাংঘর্ষিক না হয়- সেজন্য এই খসড়া আরো ভালভাবে পযবেক্ষণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খাদ্যে ফরমালিন মেশালে কি ধরনের শাস্তি হবে সে বিষয়ে নিরাপদ খাদ্য আইনে বলা হয়েছে। আর ফরমালিন উৎপাদন, আমদানি, বিক্রি, ব্যবহার ও মজুদ নিয়ন্ত্রণে নতুন এ আইন করা হচ্ছে।
