যুব মহিলা দল নেত্রীর বাড়িতে হাতবোমা, স্বামী গ্রেপ্তার
সাভারে যুব মহিলা দলের একটি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকের বাড়ি থেকে পাঁচটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
সোমবার সকালে ভাকুর্তা ইউনিয়ন যুব মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগমের বাড়ি থেকে এসব হাতবোমা উদ্ধার করা হয়।
এ সময় তার স্বামী আক্তার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) বদরুল আলম মোল্লা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভাকুর্তা এলাকায় যুব মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগমের নির্মাণাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় শাহনাজ বেগম বাড়ি ছিলেন না বলে জানান তিনি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালে নাশকতা সৃষ্টির জন্যই হাতবোমাগুলো তৈরি করা হয়েছিল।
“জিজ্ঞাসাবাদে আক্তার বলেছে, রোববারও সে ছয়টি ককটেল বিক্রি করেছে। সে রাজধানী ও এর আশপাশের এলাকায় অর্ডার নিয়ে ককটেল তৈরি করে দেয়।”
