নেত্রকোনায় হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন
নেত্রকোনায় একটি হত্যা মামলার ১৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এই আদেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম।
তিনি বলেন, ২০০১ সালে দুর্গাপুর উপজেলার নাগেরবাতি গ্রামে কৃষক আব্দুস ছালামকে হত্যা মামলায় এই দণ্ড দেয়া হয়েছে।
দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং তা দিলে ব্যর্থ হলে আরো দুই বছরের কারাদণ্ড ভোগের আদেশ দিয়েছে আদালত।
দণ্ডিতরা হলেন- আব্দুল হক, আ. কদ্দুছ, আ. রহমান, মো. ছাত্তার, মো. মোস্তফা, মো. সফিকুল ইসলাম, মো. আবু জাহেদ, মো. আবু সায়েম, নান্দু মিয়া, জাহেদ মিয়া, ছোয়াব মিয়া, আ. হাই, মো. তৌফিল মিয়া, শহীদ মিয়া, ও ফজল মিয়া।
অতিরিক্ত পিপি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০১ সালের ১২ নভেম্বর সকালে আসামিরা আব্দুস ছালামকে হত্যা করে। ধান ক্ষেতে কাজ করার সময় ছালামকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তারা।
ঘটনার পরদিন নিহতের চাচা মো. রমজান আলী বাদি হয়ে ১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
