২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ

বিরোধীদলের তিন দিনের হরতালের প্রথম দিন সিরাজগঞ্জে হাতবোমা ফাটিয়ে, ভাংচুর করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি-জামায়াত কর্মীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 02:03 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ বাধে। মালসাপাড়া কবরস্থান এলাকায় হরতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে।

এছাড়া সকাল ১০টার দিকে চণ্ডদাসগাতীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বাজার স্টেশন ও চামড়াপট্টিতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আর চণ্ডিদাসগাতীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাবার বুলেট ছুড়ে।

ভোরে মালসাপাড়াতেও পিকেটারদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।  

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা বাবুর দাবি, চামড়াপট্টিতে পুলিশের রাবার বুলেটে তাদের তিন কর্মী আহত হয়েছেন।

এদিকে হরতালের আগে রোববার রাত ১টার দিকে শহরের জগাইমোড় ও হাটিকুমরুল মোড়ে দুটি লরি ভাংচুর করে পিকেটাররা।

হরতালের কারণে সিরাজগঞ্জ শহরের দোকানপাট বন্ধ রয়েছে। রিকশা ছাড়া কোনো যানবাহন চলছে না। তবে ট্রেন চলাচল স্বাভাবিক। 

শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাব-বিজিবির টহল চলছে বলে জানান ওসি।