খালাফ হত্যামামলার আপিলের রায় ১০ নভেম্বর
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের আপিলের রায় দিতে আগামী ১০ নভেম্বর দিন রেখেছে হাই কোর্ট।
এই মামলার সব পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ করে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই দিন রাখে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল ইসলাম।
আসামি সাইফুল ইসলাম ও আকবর আলী লালুর পক্ষে ছিলেন আইনজীবী খবীর উদ্দিন ভূঁইয়া; অন্য দুই আসামি মো. আল আমীন ও রফিকুল ইসলামের পক্ষে আমিনুর রশিদ রাজু শুনানি করেন।
পলাতক আসামি সেলিম চৌধুরীর পক্ষে আদালত নিযুক্ত আইনজীবী মাহমুদা খাতুন। গত ৩০ ডিসেম্বর বিচারিক আদালত এই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেয়।
গত ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের দুই দিন পর পুলিশ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। আর সাড়ে চার মাস পর চারজনকে গ্রেপ্তার করে, যাদের পরিচয় দেয়া হয় ‘ছিনতাইকারী’ হিসাবে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ওবায়দুল হক গত ২০ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেয়ার পর ৩১ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
আসামি আল আমীন বিচারকের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সাইফুলসহ বাকি চারজন ওই রাতে খালাফকে ঘিরে ধরেন এবং তার কাছে ডলার চান।
“ডলার না দেয়ায় তাদের মধ্যে ধস্তাধাস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যান।”
তদন্ত কর্মকর্তা এ কথাগুলো অভিযোগপত্রেও উল্লেখ করেন।
তবে গ্রেপ্তার চার আসামি গত ১০ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করে।
রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ ডিসেম্বর রায়ের তারিখ দেয়া হয়। পরে গত ৩০ ডিসেম্বর বিচারিক আদালত এই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেয়।
