পাবনায় হিন্দু বাড়িঘরে হামলায় মামলা দায়ের, তদন্তে কমিটি
ফেইসবুকে মহানবীকে কটূক্তি করার অভিযোগ তুলে পাবনার সাঁথিয়া উপজেলায় হিন্দু বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
এছাড়া রোববার দুপুরে এক সর্বদলীয় বৈঠকে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নির্ভয়ে বাড়ি ফিরে আসার আহ্বান জানানো হয়।
সাঁথিয়ার বনগ্রাম এলাকার দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার (১৭) ফেইসবুক পাতায় মহানবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয়।
শনিবার রাজীব সাহার বাড়িসহ স্থানীয় হিন্দুদের অন্তত ৩৫টি বাড়ি, তিনটি মন্দির ও ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এতে আতঙ্কিত হিন্দুরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।
একই ধরনের অভিযোগ তুলে এক বছর আগে কক্সবাজারে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার পর শনিবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নির্বাচনী এলাকায় এই ঘটনা ঘটে।
কক্সবাজারের ঘটনায়ও জামায়াতের ইন্ধন ছিল বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।
পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজীবের বাবা বাবলু সাহা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বান্ডিল টিন, ৩০ কেজি চাল ও নগদ পাঁচ হাজার করে টাকা দেয়া হয়েছে।
পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সি মুনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাইন ও ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম।
নিরাপত্তার কথা ভেবে ওই মহল্লার বেশ কয়েকটি পরিবারের লোকজন ছেলেমেয়ে, মালপত্র নিয়ে অন্য কোথাও চলে যেতে দেখা গেছে। অনেকেই চলে যান গোপনে।
নাম প্রকাশ না করার শর্তে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বলেন, একটি ধর্মীয় অনুষ্ঠানের দিন (কালী পূজা) যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা ভাষায় ব্যক্ত করা যায় না।
তাদের একজন কান্নাজড়িত কন্ঠে বলেন, বাপ-দাদার পৈত্রিক ভিটা ছেড়ে চলে যেতে হচ্ছে বিষয়টি ভাবতেই কষ্ট হচ্ছে। কিছুই তো আর করার নেই।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, বর্তমানে এলাকায় পরিবেশ শান্ত রয়েছে বলে। তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।
তবে লোকজন গ্রাম ছেড়ে অন্যত্র নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এলাকায় শান্তি বজায় রাখার লক্ষ্যে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আতাইকুলা ইউনিয়ন পরিষদ চেষারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি কোরবান আলী বিশ্বাস, উপজেলা বিএনপি সভাপতি মাহবুব মোর্শেদ জ্যোতিসহ প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।
হাই কোর্টের নির্দেশ
এ ঘটনায় দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি রেজা-উল হক ও এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ রোববার স্বপ্রণোদিত দেয়া এ আদেশে পুলিশের মহা পরিদর্শক, পাবনার এসপি, পাবনার সাঁথিয়া থানার ওসিকে এ আদেশ বাস্তবায়ন করে ৭২ ঘণ্টার মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
একইসঙ্গে ঘটনাস্থলের নিরাপত্তা বিধানের জন্য দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, ক্ষয়- ক্ষতির পরিমাণ নির্ণয় ও ফেইসবুকে ওই পোস্টদাতাকে চিহ্নিত করতে বলেছে আদালত।
