সন্দ্বীপে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা জামায়াতের সাবেক আমিরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, যুবদলের স্থানীয় এক নেতার বাসা থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার শিবের হাট ও বাউরিয়া এলাকায় এসব অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- সন্দ্বীপ উপজেলা জামায়াতের সাবেক আমির সিরাজুল মাওলা এবং জামায়াতকর্মী নাসির উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, নাশকতা চেষ্টার অভিযোগে শিবের হাটে নিজ নিজ বাসা থেকে আটক করা হয় সিরাজুল ও নাসিরকে।
তিনি আরো বলেন, উপজেলার বাউরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলামের বাড়ির কাছে তার খামার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বন্দুক তৈরির সরঞ্জামসহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এগুলোর মধ্যে রয়েছে- একটি বন্দুক, কয়েকটি গুলি, বিপুল পরিমাণ বন্দুকের নল।
তবে, ওই যুবদল নেতাকে পাওয়া যায়নি বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।
ওসি বলেন, দুই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
