গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের দুটি পোশাক করখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।
পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুই কারখানায় রোববারের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার আ স ম শামসুল আলম জানান, রোববার সকালের দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ‘নায়াগ্রা’ এবং সদর উপজেলার সারদাগঞ্জের ‘ডিবিএল’ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে নায়াগ্রা পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক কর্মরিবতি ও বিক্ষোভ শুরু করে। পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ির কাচ ভাংচুরও করে তারা।
এ কারণে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যান চলাচল বিঘিœত হয় এবং সড়কের দুই দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সারদাগঞ্জের ‘ডিবিএল’ পোশাক কারখানার শ্রমিকরাও একই দাবিতে সকাল ৯টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে বলে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান।
সেখানেও ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার শামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক অসন্তোষের পরপরই দুই কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে মালিকরা।
দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
