ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু
ময়মনসিংহে ধর্ষণের শিকার এক কিশোরী প্রায় ৩৬ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।
বুধবার রাতে সদর উপজেলার অষ্টধারের মহেষমারীর গ্রামে সোহরাব আলীর মেয়ে সোনিয়োকে তুলে নিয়ে ধর্ষণের পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। শনিবার ভোরে সে মারা যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক আয়েশা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সোনিয়ার মা রওশনারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্বৃত্তরা তার মেয়েকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের পর পাশের পান্ডা পাড়া ব্রিজের নিচে ফেলে যায়।
সকালে লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে খবর দেয়।
দুপুরে সোনিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার।
