২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর রসদ বন্ধের দাবি ইমরানের

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানি তালেবানের প্রধান নিহত হওয়ার পর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 06:14 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

পাকিস্তানি দৈনিক ডনের অনলাইন সংস্করণে বলা হয়, শুক্রবার উত্তর ওয়াজিরস্তানে ড্রোন হামলায় পাঁচ সহযোগীসহ পাকিস্তানি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর এ আহ্বান জানান ইমরান খান।

সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় একের পর এক ড্রোন হামলা চালিয়ে পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাহত করছে যুক্তরাষ্ট্র।

“তালেবানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেয়া হলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা তাকে নস্যাৎ করে।”

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধের একটি প্রস্তাব সোমবার খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক অ্যাসেম্বলিতে উত্থাপনের ঘোষণা দেন এক সময়ের ক্রিকেট তারকা ইমরান। একই প্রস্তাব পাকিস্তানের পার্লামেন্টে তোলারও হুমকি দিয়েছেন তিনি।

আগের দিন ইমরান খান বলেন, তার দল একাই ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করার সক্ষমতা রাখে।

তার এ অবস্থানকে হালকাভাবে না নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি হুঁশিয়ারি জানান পিটিআই চেয়ারম্যান।

পাকিস্তানের যে দুটি পথ দিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ আনা-নেয়া হয় তার একটি পথ গেছে খাইবার পাখতুনখোয়ার মধ্য দিয়ে। আর ওই প্রদেশেই ইমরানের দলের আধিপত্য।