পটুয়াখালীতে সেতু ধসে নিহত ১, আহত ১০
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর গার্ডার ভেঙ্গে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
শনিবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা সড়কে হাজিপুর ফেরি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেনের (৪৫) বাড়ি কুয়াকাটা পৌর এলাকার লতাচাপলি গ্রামে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো. তারেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণাধীন শেখ জামাল সেতুর পাশ দিয়ে ফেরিতে ওঠার সময় কুয়াকাটা থেকে খুলনাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের ওপর সেতুর গার্ডার ভেঙ্গে পড়ে।
ওসি বলেন, এতে গুরুতর আহত ফারুককে স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমান হাকিম তাক মৃত ঘোষণা করেন।
ওই চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুক ছাড়াও ওই বাসের আহত আরো পাঁচ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী কুয়াকাটা পৌর যুবলীগের সভাপতি মো. সাগর মোল্লা জানান, এছাড়াও গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি সেতুর কাছে এসে পৌঁছলে হঠাৎ ব্রিজের একটি অংশ বাসের ছাদে পড়ে।”
ঘটনার পরপরই নির্মাণ শ্রমিকরা পালিয়ে গেছে বলে জানান ওসি।
