শেরপুরের সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান টঙ্গীতে গ্রেপ্তার
মাইক্রোবাস ছিনতাই মামলায় দণ্ডিত শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী টঙ্গীতে গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
২০০২ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের হোতাপাড়ায় একটি মাইক্রোবাস ছিনতাইয়ের মামলায় নুরে আলমের চার বছর কারাদণ্ড হয়েছিল।
নুরে আলমকে শনিবার শেরপুরে আনা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে আদালতে সোপর্দ করা হবে।
এই ইউপি চেয়ারম্যান নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায়ও ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত।
তবে ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন।
